আজ শনিবার নির্বাচনী জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে তিনি এই জনসভায় অংশ নেবেন।
দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে।
তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা–রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
এর আগে রংপুরের এক নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, একমাত্র বিএনপিই দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারে। তিনি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানান।
এছাড়া স্বাক্ষরিত জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
