জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণভোট সংবিধানবিরোধী ও বাস্তবায়নযোগ্য নয় এবং এটি কার্যকর হলে দেশ অস্থিতিশীলতার দিকে যেতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করার সময় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের সময় সংবিধান সংরক্ষণ ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো বিধান নেই। সংবিধান অনুযায়ী, কেবল নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “এ ধরনের বিষয় সাধারণ মানুষের কাছে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। যারা এই প্রস্তাব দিয়েছে, তারা বিষয়টি কতটা বুঝে করেছে তা নিয়েও সন্দেহ রয়েছে।”
