হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এ ফেরির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি সার্ভিস চালুর পেছনে অবদান নিয়ে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা পৃথকভাবে স্লোগান দিতে শুরু করেন। এ সময় পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ এনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় থানা, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ।

অন্যদিকে, বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *