নোয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতা; শেখ হাসিনার ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে ঈদসামগ্রী বিতরণের খবর পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে এই কর্মসূচি পালন করায় স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে সেখানে সক্রিয় অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ধৃষ্টতায় আতঙ্কিত।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রব ও মো. জামালের মোবাইলে কল করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *