দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব উপহারের ঘোষণা দিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে সারা দেশে শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস প্রদান করা হবে। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহদী আমিন জানান, এই উদ্যোগটি প্রাথমিকভাবে একটি ‘পাইলট কার্যক্রম’ হিসেবে শুরু হতে যাচ্ছে। এর আওতায় সারা দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি ব্যাগ ও নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হবে।
সরকারের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন দেশীয় পাট শিল্পের পুনর্জাগরণ ঘটবে, অন্যদিকে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহিত হবে নতুন প্রজন্ম। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনা করে পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।
