পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার মা রত্না দেবনাথ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ২৮ হাজার ৮৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ফল প্রকাশের পর রত্না দেবনাথের ছবি শেয়ার করে মিমি চক্রবর্তী লিখেছেন, “এই জয় ব্যক্তিগতভাবে তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও কোনো জয়ই সেই পরিবারের অপূরণীয় ক্ষতি পূরণ করতে পারে না।” আরজি কর কাণ্ডের প্রথম থেকেই ন্যায়বিচারের দাবিতে সরব ছিলেন মিমি। নির্যাতিতার মায়ের এই রাজনৈতিক লড়াই ও জয়কে তিনি নৈতিক সমর্থন জানিয়েছেন।
আরজি কর কাণ্ডে প্রতিবাদের কারণে মিমিকে গত কয়েক মাসে ব্যাপক হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি কুরুচিকর মন্তব্যের শিকারও হয়েছেন তিনি। তবে মিমি স্পষ্টভাবে জানিয়েছেন, হুমকি বা গালিগালাজ দিয়ে তাঁকে থামানো যাবে না। নারীদের বিরুদ্ধে এই নোংরা মানসিকতার বিরুদ্ধেই তাঁর লড়াই চলবে এবং প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি দলনেত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন। বর্তমান নির্বাচনে সরাসরি কোনো দলের হয়ে প্রচারে না থাকলেও, আরজি করের ন্যায়বিচারের প্রশ্নে তাঁর অবস্থান শুরু থেকেই অত্যন্ত বলিষ্ঠ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আরজি কর ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, যার প্রতিফলন দেখা গেছে পানিহাটির মতো গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফলে।
