কৃষক সন্তানদের উচ্চশিক্ষায় ফ্রি পড়াশোনার ঘোষণা; বিজয়ের রাজনৈতিক ইশতেহারে বড় চমক

দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন আর শুধু রূপালী পর্দার নায়ক নন, তিনি এখন তামিলনাড়ুর রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। তাঁর প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (TVK) ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিশাল সাফল্যের মধ্য দিয়ে তিনি দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইডিএমকে-এর দ্বিমুখী শাসনের পতন ঘটালেন।

বিজয়ের এই রাজনৈতিক উত্থানের সাথে মিশে আছে তাঁর জীবনের এক অনুপ্রেরণাদায়ী মোড়। চেন্নাইয়ের বিখ্যাত লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন নিয়ে ভর্তি হলেও ডিগ্রি সম্পূর্ণ না করেই মাঝপথে পড়াশোনা ছেড়ে অভিনয়ে মনোনিবেশ করেছিলেন তিনি। একাডেমিক ডিগ্রি না থাকলেও নিজের লক্ষ্য আর পরিশ্রমের ওপর আস্থা রেখে তিনি আজ ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। বিজয়ের এই সংগ্রামী জীবন তামিলনাড়ুর তরুণ প্রজন্মের কাছে বড় এক উদাহরণ।

নিজে ডিগ্রি সম্পন্ন করতে না পারলেও শিক্ষাকেই নিজের রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন বিজয়। নির্বাচনের আগে থাঞ্জাভুরের জনসভা থেকে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন—তাঁর দল ক্ষমতায় এলে দুই একরের কম জমির মালিক এমন কৃষক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। তবে শর্ত হিসেবে থাকছে, ওই পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে যুক্ত থাকতে পারবেন না। গ্রামীণ তরুণদের স্বপ্ন পূরণে এই উদ্যোগটি ভোটারদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।

গতকাল ঘোষিত হওয়া ফলাফলে দেখা গেছে, ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে ক্ষমতাসীন এমকে স্টালিনের ডিএমকে ৫৯টি এবং এআইডিএমকে ৪৭টি আসন পেয়েছে। এককভাবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন হলেও ১০৮টি আসনে জিতে বিজয় তামিল রাজনীতির চিত্র পুরোপুরি বদলে দিয়েছেন। বর্তমানে তিনি অন্যান্য ক্ষুদ্র দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *