জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যার দায়ে একই পরিবারের ছয় সদস্যকে দণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।
রায়ে নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেকের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সোহরাব আলী, স্বরুপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে আসামিরা কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ ১০ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করলেও বিবাদী পক্ষ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে।
