সংরক্ষিত নারী আসন: আপিল শুনানিতেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিল শুনানিতেও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার তিন বছর পূর্ণ না হওয়ার আইনি জটিলতার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রাথমিক যাচাই-বাছাইয়ের দিনও একই কারণে তাঁর মনোনয়ন বাতিল করেছিল কমিশন। ইসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন মনিরা শারমিন, তবে শুনানিতেও তাঁর পক্ষে রায় আসেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই বৈধ হিসেবে গৃহীত হয়েছে। অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিলের বিপরীতে দুটি বাতিল হয়েছে, যার মধ্যে একটি মনিরা শারমিনের।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আপিল শুনানি চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *