বাংলাদেশে বজ্রপাত এখন অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে। গত এক দশকে দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৫৪ জনেরও বেশি মানুষ। আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে সিলেট অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা দেশের সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে মোট ৩,৬৫৮ জন মারা গেছেন। তবে আশার কথা হলো, ২০২০ সালের পর থেকে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমছে। বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কবার্তা এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে এই মৃত্যুর হার হ্রাস পাচ্ছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব দিকের পাহাড়গুলোতে বাধাপ্রাপ্ত হয়ে দ্রুত উর্ধ্বগামী হয় এবং ঘনীভূত হয়ে ‘কিউমুলোনিম্বাস’ বা বজ্রমেঘ তৈরি করে। এই কারণেই সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলে বজ্রপাতের প্রকোপ সবচেয়ে বেশি। এছাড়াও উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাকেও উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
