প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা। রোববার (১৫ মার্চ) ভোরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এক রুদ্ধশ্বাস অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, আব্দুস সালাম নিজেকে প্রধানমন্ত্রীর পিএস দাবি করে অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং নানাবিধ জালিয়াতি করে আসছিলেন। সরকারের উচ্চপর্যায়ে তাঁর এই অপকর্মের তথ্য পৌঁছালে শুরু হয় গোয়েন্দা নজরদারি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন ঘেরাও করে গোয়েন্দারা। প্রায় ৬ ঘণ্টার অভিযান শেষে সকাল ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম তাঁর প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের তথ্য দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ভুয়া পরিচয় দিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জিজ্ঞাসাবাদ শেষে বেলা ৩টায় সালামকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরেবাংলা নগর থানার পুলিশ জানিয়েছে, সালামের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
