প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে, এদিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার নিজ কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত দাপ্তরিক কাজে অংশ নেন এবং বেলা ১১টায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের মেয়াদে সৌদি রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বিশেষ করে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই বৈঠক।
