প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নামার সময় তিনি নিজে এই ঘোষণা দেন। আগামীকাল শনিবার (২৮ মার্চ) তাঁর এই সফরের কথা রয়েছে।
আলোচনা সভা শেষে যখন নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে, তখন তারেক রহমান হাত নেড়ে উচ্চস্বরে বলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাব। তোমাদের সেখানে দেখতে চাই।” তাঁর এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
এর আগে সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাথা নিয়ে আলোচনা ও গবেষণা হবে। তবে গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করে।”
তিনি আরও যোগ করেন, “অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ। গত ১৭ বছরে ইতিহাস নিয়ে এত রাজনীতি হয়েছে যে দেশের মূল ইতিহাস ঢাকা পড়ে গিয়েছিল।” সীমাবদ্ধ সম্পদ সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে লড়াই করলে দেশের যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
