শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক, তা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। অনেকে চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে এক করে দেখতে চেয়েছেন, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।”
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২৫ মার্চ কালরাত্রিতে পাক বাহিনীর গণহত্যার মুখে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানই প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন। তিনি বলেন, “জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেটি দালিলিকভাবে প্রমাণিত। তিনি শেখ মুজিবুর রহমানের নামেও স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু বিগত ফ্যাসিবাদী শক্তি সেই কৃতিত্ব দিতে বরাবরই অস্বীকার করে এসেছে।”
বিগত সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাস বিকৃত করে একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তিনি আরও যোগ করেন, “২৪-এর অভ্যুত্থান আমাদের স্বৈরাচারমুক্ত করেছে ঠিকই, কিন্তু রাষ্ট্র এখনও পুরোপুরি নতুন করে বিনির্মিত হয়নি। এখন আমাদের মূল কাজ হলো একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা।”
