বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিশাল জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম যশোর সফর।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে এসে তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক ‘উলশী খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশেও তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। শার্শার কর্মসূচি শেষ করে তিনি যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
প্রেক্ষাপট: উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে যশোরে এটি তাঁর দ্বিতীয় সফর। এর আগে ২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান হিসেবে উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। আজকের সফর শেষে সন্ধ্যায় বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জুড়ে কঠোর নিরাপত্তা ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
