হবিগঞ্জের মাধবপুরে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে বিশেষ বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বর্তমানে কারাবন্দি থাকা এই সাবেক সংসদ সদস্য জেল থেকেই সেই বরাদ্দের হিসাব জানতে চেয়েছেন এবং এ বিষয়ে উচ্চ আদালতে রিট করার অনুরোধ জানিয়েছেন।
অভিযোগ উঠেছে, ব্যারিস্টার সুমন এলাকা ছাড়ার পর তার এমপিকোটায় বরাদ্দ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের এই অর্থ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সাল ও কয়েকজন অসাধু ঠিকাদার ভুয়া প্রকল্প দেখিয়ে উত্তোলন করেছেন। অভিযোগ অনুযায়ী, চা শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিন এবং কালভার্ট নির্মাণের এই টাকা কোনো টেন্ডার ছাড়াই তোলা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্রও গায়েব করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক জি.এম. সরফরাজ জানিয়েছেন, সরকারি অর্থ আত্মসাতের সুযোগ নেই এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, প্রধান কার্যালয়ের নির্দেশনা পেলেই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
