প্রশ্নফাঁস রোধে কঠোর সরকার, মাহদী আমিনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। একইসঙ্গে তিনি প্রশ্নফাঁস সংক্রান্ত যেকোনো অপপ্রচার ও গুজব থেকে শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

ড. মাহদী আমিন জানান, গত কয়েক দিনে প্রশ্নপত্র ফাঁসের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি উল্লেখ করেন, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন সরবরাহ করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে এসব চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে প্রশ্নফাঁসের যে দাবি করা হয়েছিল, সেটি আসলে প্রকৃত কোনো প্রশ্নফাঁস নয় বরং ‘সুপরিকল্পিত প্রতারণা’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, ওই টেলিভিশন কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের ভুল বুঝতে পেরে প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে এবং ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মগুলোও নিশ্চিত করেছে যে কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।

বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল লক্ষ্য। আমরা একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।” তিনি শিক্ষার্থীদের ফলাফলের জন্য অসৎ পথ বেছে না নিয়ে সুস্থ ধারার শিক্ষা সংস্কৃতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *