ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার রাত থেকে তেলআবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল তেলআবিবের হাবিমা স্কয়ার। সেখানে কড়া পুলিশি পাহারার মধ্যেই কয়েক হাজার মানুষ জড়ো হয়ে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বিশেষ করে গাজা উপত্যকায় এখনও আটকে থাকা বন্দিদের ফিরিয়ে আনতে সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেন।
তেলআবিব ছাড়াও জেরুজালেমে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। অন্যদিকে উত্তরের শহর হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার প্রতিবাদকারী জমায়েত হন। এছাড়া ছোট-বড় আরও বেশ কিছু শহরে একই দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর একটি হলো ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত এমন কোনো কমিশন গঠন করতে সাফ অস্বীকার করে আসছেন।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহু এবং তাঁর তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক এই চাপ এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান জনরোষ নেতানিয়াহু সরকারকে চরম সংকটে ফেলেছে।
সূত্র: আনাদোলু
