‘নিয়োগ ছাড়া ফিরব না’, শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান

নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আজ রবিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। মিছিল নিয়ে তারা সামনের দিকে এগোতে চাইলে পুলিশি বাধার মুখে জাদুঘরের সামনেই অবস্থান ধর্মঘট শুরু করেন।

এ সময় আন্দোলনকারীদের কণ্ঠে ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, এবং ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’—এমন নানা স্লোগান শোনা যায়।

আন্দোলনরত এক শিক্ষক বলেন, “আমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। অথচ দীর্ঘ সময় ধরে আমাদের ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। যতক্ষণ পর্যন্ত নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, আমরা রাজপথ ছাড়ব না।”

বর্তমানে শাহবাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *