বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ সত্ত্বেও ভোট বর্জন না করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে আমরা ভোট বর্জন করছি না। ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরব।”
সংবাদ সম্মেলনে সোহেল অভিযোগ করেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছেন। রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে দাবি করেন তিনি।
তার আরও অভিযোগ:-
- আগাম স্বাক্ষর:– মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল শিটে আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে।
- হামলা ও ভাঙচুর:- নামুজা এলাকায় এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
- ছুরিকাঘাত:- নূরানী মোড় এলাকায় প্রতিপক্ষ দলের ছুরিকাঘাতে এক জামায়াত কর্মী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আবিদুর রহমান সোহেল জানান, নির্বাচন নিয়ে এ পর্যন্ত ২০টির বেশি লিখিত অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষ না থেকে প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষা করছেন।
