ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘কোচিং সেন্টার’-এর সঙ্গে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। এই মন্তব্যকে ‘চরম অবমাননাকর ও দায়িত্বহীন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৯ মে) সাদা দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
বিবৃতিতে শিক্ষকেরা বলেন, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে প্রায় ৫৬টি সক্রিয় গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। প্রতিবছর এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘Scopus’ এবং ‘Web of Science’ ইনডেক্সড জার্নালে মানসম্মত গবেষণাপত্র প্রকাশ করে আসছেন। এমন একটি প্রতিষ্ঠানকে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাদা দলের বিবৃতিতে আরও বলা হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক জাতীয় আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী নেতৃত্ব দিয়েছে। ‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’—এই অনুভূতি ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, প্রতিমন্ত্রীর এই দায়িত্বহীন মন্তব্য বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে খাটো করেছে।
অবিলম্বে এই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়ে সাদা দল হুঁশিয়ারি দিয়েছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীসমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
