আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ দল। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের দাবির পক্ষে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পিসিবি আইসিসিকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে— রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রতিবেশী দেশে গিয়ে খেলা নিয়ে বাংলাদেশের যে নিরাপত্তা শঙ্কা রয়েছে, তা যৌক্তিক। বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তার কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি তারা বিবেচনা করতে চায়।
এই ইস্যুতে সমাধানে পৌঁছাতে আগামী বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ড সভা আহ্বান করেছে। সেখানে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, পিসিবির সমর্থনসূচক চিঠি থাকলেও শুধুমাত্র সেটির ভিত্তিতে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে আইসিসি প্রভাবিত হবে না।
এর আগে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য তারা লিখিত আবেদন করেছে। বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি।
উল্লেখ্য, পুরো পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএলের একটি দল হঠাৎ করে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। যদিও ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি কারণ জানায়নি, তবে রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়। এর পরপরই বাংলাদেশ সরকার জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে জাতীয় দলের খেলা সম্ভব নয়।
