বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের সুবিধার্থে আগামী ১ জুলাই (বুধবার) সারা দেশের সব প্রধান স্থাপনা এবং আঞ্চলিক ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)৷ তবে বিশেষ জরুরি সেবার অংশ হিসেবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রাখতে এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েল সরবরাহের ক্ষেত্রে বিশেষ ছাড় ও ব্যবস্থা রাখা হয়েছে৷
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব. ও বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে৷
১ জুলাই দিনভর বন্ধ থাকবে সরবরাহ: বিপিসির দাপ্তরিক আদেশে বলা হয়েছে— রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের আওতাধীন তেল বিপণনকারী বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা এবং দেশের সব আঞ্চলিক ডিপোসমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই (ইনভেন্টরি অডিট) কার্যক্রম আগামী বুধবার (১ জুলাই) দিনব্যাপী পরিচালিত হবে৷ এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওই দিন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের দূর-দূরান্তের সব ডিপো ও স্থাপনার সাধারণ বিপণন ও সরবরাহ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে৷
বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ: সরকারি আদেশে আরও বলা হয়েছে— দেশের সব ডিপোর সাধারণ বিপণন কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দেশি-বিদেশি এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল (এভিয়েশন ফুয়েল) সরবরাহ অব্যাহত রাখার লক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিমান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ (Jet A-1) মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম ১ জুলাই ভোর থেকেই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা শেষ হওয়ার সাথে সাথে বিমানের তেল সরবরাহ কার্যক্রম সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷
এই বার্ষিক সমাপনী কার্যক্রম নিখুঁতভাবে সম্পাদনের লক্ষ্যে বিপিসির অধীনস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এই আদেশের অনুলিপি পাঠিয়ে বুধবারের তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়ন করতে অনুরোধ জানিয়েছে বিপিসি৷
