বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলোচিত ফারজানা সিথী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ফারজানা সিথী। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিথী সাংবাদিকদের বলেন, “আমি নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছি। আমি খুবই আশাবাদী যে দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে। খুব শীঘ্রই আমি একটি অফিসিয়াল ব্রিফিং করব এবং সেখানে আমার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাব।”

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকার শাহবাগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন ফারজানা সিথী। যশোর জেলার বাসিন্দা সিথী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স’-এর ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করার অংশ হিসেবে সিথীর মতো নতুন মুখগুলোর মনোনয়ন সংগ্রহের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *