ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী যোগদান করলেন এনসিপিতে

জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদানকারী দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন বিশিষ্ট শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন৷

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় জাতীয় যুবশক্তির বিশেষ যুব কনভেনশনে এই জাঁকজমকপূর্ণ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব ও আন্দোলন পরিচালনাকারী শীর্ষ শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যুক্ত হন৷

যোগদান অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত এনসিপিতে নবাগত এই তরুণ শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান৷

এ সময় এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার ও নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য যুব ও রাজনৈতিক নেতৃবৃন্দ৷

যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন বক্তব্য প্রদান করেন৷ তারা তাদের বক্তব্যে স্পষ্ট জানান— জুলাই অভ্যুত্থানের সুনির্দিষ্ট চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তারা এনসিপির ছায়াতলে এসে নতুন এই রাজনৈতিক সফর শুরু করেছেন৷

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়— বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুসংগঠিত করা, রাজপথের আন্দোলন পরিচালনায় নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে আন্তঃসমন্বয় তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওমর ফারুক যুবরাজ৷ তার সুদৃঢ় নেতৃত্বেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথের ছাত্রনেতারা এনসিপিতে যোগ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকাদ্ধ হলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *