চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে রূপকথার মতো আলোড়ন সৃষ্টি করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে৷ তবে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে দলটির এই ঐতিহাসিক সাফল্যের আনন্দ ফিকে হয়ে গেছে এক নজিরবিহীন ও কলঙ্কজনক বিতর্কে৷ কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রায়ান মেন্ডেসের বিরুদ্ধে এক নারী অনুবাদককে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে৷ এই ঘটনার প্রেক্ষিতে নিউজিল্যান্ড পুলিশ আনুষ্ঠানিক আন্তর্জাতিক তদন্ত চালাচ্ছে এবং পুরো বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)৷
তবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী— এখন পর্যন্ত মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ গঠন করা হয়নি এবং কোনো আদালতও তাঁকে দোষী সাব্যস্ত করেননি৷ ফলে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত এখনো আসেনি৷
অকল্যান্ডের হোটেলের সেই রাতের ঘটনা: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে— গত মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অফিশিয়াল ফিফা সিরিজ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের মুখে রয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার৷ সে সময় কেপ ভার্দে দল চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলেছিল এবং দুই ম্যাচেই দলের অধিনায়কত্ব করেছিলেন মেন্ডেস৷
প্রতিবেদন অনুযায়ী— কেপ ভার্দে দলের দাপ্তরিক অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করা এক ব্রাজিলীয় তরুণী অভিযোগ করেছেন, অকল্যান্ডে দলের হোটেলের একটি সামাজিক অনুষ্ঠান শেষে তিনি যখন নিজের কক্ষে ফিরে যান, তখন মেন্ডেস জোরপূর্বক তাঁর কক্ষে প্রবেশ করেন৷ ওই নারীর আইনজীবীদের দাবি— রুমে ঢুকেই মেন্ডেস তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন৷ এতে তীব্র বাধা দিলে তার ওপর শারীরিক হামলা এবং পরবর্তীতে পাশবিক ধর্ষণ করা হয়৷
মানসিক ট্রমা ও ফেডারেশনের নীরবতা: অভিযোগকারী নারীর আইনজীবীরা আরও জানিয়েছেন— এই নৃশংস ঘটনার পর পরই তিনি নিজের শরীরের আঘাতের বিভিন্ন ছবি তুলে প্রমাণ হিসেবে রেখে দেন৷ পরবর্তীতে ব্রাজিলে ফিরে গিয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং ১লা এপ্রিল ওখানকার হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ফরেনসিক স্বাস্থ্য পরীক্ষা করান৷
আইনজীবীদের আরও দাবি— ঘটনার পর তাঁরা নিউজিল্যান্ড ফুটবল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও প্রভাবশালী এই ফুটবলারের বিরুদ্ধে কোনো কার্যকর সাড়া পাননি৷ ভুক্তভোগী নারী এখনো তীব্র মানসিক ট্রমা ও বিষণ্নতার মধ্যে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ এদিকে ‘নিউজিল্যান্ড হেরাল্ড’ জানিয়েছে— দেশটির পুলিশ তদন্ত চলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও স্পর্শকাতর ঘটনার স্বার্থে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷
সংবাদ সম্মেলনে তোলপাড়, আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে: বিশ্বকাপের চলতি আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর হাই-ভোল্টেজ ম্যাচের আগের অফিশিয়াল সংবাদ সম্মেলনেও এই ধর্ষণের বিষয়টি অবধারিতভাবে সামনে আসে৷ পরিস্থিতি বেগতিক দেখে কেপ ভার্দের মিডিয়া অফিসার শুরুতেই সাংবাদিকদের জানিয়ে দেন— কোচ পেদ্রো লেইতাও ব্রিতো শুধুমাত্র ম্যাচসংক্রান্ত ফুটবলীয় প্রশ্নের উত্তর দেবেন৷ এরপরেও বিশ্ব গণমাধ্যমের একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক মেন্ডেসের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে কড়া প্রশ্ন তুললে কোচ তা সম্পূর্ণ এড়িয়ে যান৷ এক পর্যায়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ফিফার একজন অফিশিয়াল হস্তক্ষেপ করে সাংবাদিকদের কেবল মাঠের খেলা নিয়ে প্রশ্ন করার কড়া অনুরোধ জানান৷
এদিকে এই ভয়ংকর স্ক্যান্ডাল প্রকাশ্যে আসার পরও রায়ান মেন্ডেসকে নিয়মিত দলের সাথে পুরো দমে অনুশীলন করতে দেখা গেছে৷ দ্য অ্যাথলেটিকের দাবি— দলের ভেতরকার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনতে চায় না টিম ম্যানেজমেন্ট৷
আজ শুক্রবার শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে৷ তদন্ত রানিং থাকলেও এখন পর্যন্ত মেন্ডেসের দলে থাকা বা আর্জেন্টিনা ম্যাচে অংশগ্রহণ নিয়ে ফিফা বা ফেডারেশন থেকে অফিশিয়াল কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷
কেপ ভার্দের ফুটবল ধ্রুবতারা মেন্ডেস: উল্লেখ্য, রায়ান মেন্ডেস কেপ ভার্দের ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবলার৷ জাতীয় দলের হয়ে তিনি রেকর্ড ১০০টি ম্যাচ খেলেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির নজির৷ একই সঙ্গে তিনিই কেপ ভার্দের আন্তর্জাতিক অঙ্গনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও বটে৷ ক্লাব ক্যারিয়ারে তিনি ফ্রান্স, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের বিভিন্ন শীর্ষ ক্লাবে সুনামের সাথে খেলেছেন৷ বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের (Igdir FK) হয়ে মাঠ মাতাচ্ছেন৷
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো পরাশক্তিদের সাথে তিনটি ম্যাচই বীরত্বের সাথে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল আফ্রিকার এই বিস্ময় দলটি৷ স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, সুয়ারেজের উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে আরেকটি গোলশূন্য ড্র করে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়া দলটির অধিনায়ক এখন এই কালো অধ্যায়ের মুখোমুখি৷
