২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে কোমর বেঁধে নেমেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ৫৫ সদস্যের এক শক্তিশালী প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে তারা। এই তালিকায় যেমন রয়েছে অভিজ্ঞদের আধিপত্য, তেমনি কোচ অগ্রাধিকার দিয়েছেন একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলারকে।
ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো নেইমার জুনিয়রের দলে থাকা। চোট কাটিয়ে বর্তমানে সান্তোসে খেলা এই তারকা ফরোয়ার্ড আবারও হলুদ জার্সি গায়ে বিশ্বমঞ্চে নামার জন্য প্রস্তুত। তাঁর সঙ্গী হিসেবে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো বিধ্বংসী সব তারকা।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কোচ স্কোয়াডে নতুন মুখদের সুযোগ দিয়েছেন। চেলসিতে নাম লেখানো এস্তেভাও এবং জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক ও বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। এছাড়া ঘরোয়া লিগ থেকে পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মারদের রেখে স্কোয়াডের গভীরতা বাড়িয়েছেন কোচ।
ঘোষিত এই বিশাল তালিকায় ৬ জন গোলরক্ষক, ২৭ জন ডিফেন্ডার, ১২ জন মিডফিল্ডার এবং ১৬ জন ফরোয়ার্ডকে রাখা হয়েছে। অ্যালিসন ও এডারসনের মতো বিশ্বসেরা গোলরক্ষকদের পাশাপাশি রক্ষণভাগে থিয়াগো সিলভা ও মারকুইনহোসদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সেলেসাওরা।
ফিফার নিয়ম অনুযায়ী, এই ৫৫ জনের তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিলিয়ান কোচ যে এক শক্তিশালী বাহিনী গড়ে তুলেছেন, তা এই স্কোয়াড দেখলেই স্পষ্ট বোঝা যায়।
