‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন রহস্য: কে হচ্ছেন কাবিলার রোকেয়া?

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ মানেই নতুন কোনো চমক। সিজন ৫-এর ঈদ স্পেশাল পর্বগুলো নিয়ে দর্শকদের মাতামাতির মাঝেই এবার নতুন একটি নারী চরিত্র নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। নির্মাতা অমি তাঁর ফেসবুকে রহস্যময় এক নারীর ছবি প্রকাশ করে দর্শকদের কাছে জানতে চেয়েছেন চরিত্রটি আসলে কী হতে পারে।

নির্মাতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক নারী লাল পোশাকে পোজ দিয়ে আছেন, তবে তাঁর মুখাবয়ব স্পষ্ট করা হয়নি। ছবির ক্যাপশনে অমি লিখেছেন, “কী চরিত্র হবে এটা অনুমান করেন তো।” ব্যাস, এই এক পোস্টেই মন্তব্যের ঘরে ঝড় উঠেছে। দর্শকদের বড় একটি অংশের দাবি, এটি বহুল প্রতীক্ষিত ‘রোকেয়া’ চরিত্র। একজন ভক্ত মন্তব্য করেছেন, “স্টাইল দেখে তো রোকেয়া হওয়ার কথা।” আবার কেউ কেউ বলছেন, যদি এটি কাবিলার রোকেয়া হয়, তবে মুহূর্তেই তা ভাইরাল হবে এবং সিরিজের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দেবে।

এর আগে অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়েও সিরিজে এক ধরণের রহস্য ছিল। তবে এবারের সিজনে বড় চমক হিসেবে ফিরেছেন শামীম হাসান সরকার (আরেফিন চরিত্র)। এছাড়া মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলমদের অনবদ্য রসায়ন তো আছেই। সাথে স্পর্শিয়া ও লামিয়া লামের উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে।

এখন দেখার বিষয়, লাল পোশাকের এই রহস্যময়ী নারী কি আসলেও নোয়াখালীর সেই রোকেয়া, যার বিরহে কাবিলা জেলখানায় দিন গুনছে? নাকি অমি হাজির করছেন সম্পূর্ণ নতুন কোনো চরিত্র? উত্তর মিলবে খুব শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *