ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যপ্রাচ্যের চার দেশ—ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই বিশাল অংকের অস্ত্র বিক্রির ঘোষণা দেয়।
এমন এক সময়ে এই ঘোষণা এল যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার নয় সপ্তাহ এবং পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহ পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সেই রক্তক্ষয়ী যুদ্ধে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। বর্তমানে ৮ এপ্রিল থেকে যুদ্ধ স্থগিত রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সমরাস্ত্র বিক্রির তালিকায় রয়েছে:
- কাতার: ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।
- কুয়েত: ২.৫ বিলিয়ন ডলারের ‘ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম’।
- ইসরায়েল: ৯৯২.৪ মিলিয়ন ডলারের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ (APKWS)।
- সংযুক্ত আরব আমিরাত: ১৪৭.৬ মিলিয়ন ডলার মূল্যের এপিকেডব্লিউএ সরঞ্জাম।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি চললেও ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা মোকাবিলায় এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই তড়িঘড়ি পদক্ষেপ। বিশেষ করে কাতার ও কুয়েতকে শক্তিশালী করার মাধ্যমে পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় ওয়াশিংটন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
