পবিত্র মাজার জিয়ারত ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সকাল থেকেই সিলেটে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত বিরাজ করছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। মাজার জিয়ারত শেষে তিনি মাজার সংলগ্ন এলাকায় কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
বেলা ১১টার পর প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় পৌঁছাবেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
সফরের অংশ হিসেবে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ‘বাসিয়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের শেষে বিকেল ৫টায় একটি দলীয় সভায় যোগ দিয়ে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো নগরীকে। দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
