মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের আকাশপথে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের আরও ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০-এ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং আজ ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, গালফ এয়ারের ২টি এবং ইউএস-বাংলার ২টি ফ্লাইট রয়েছে।
দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন বাংলাদেশিরাঃ-
এদিকে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি আজ সকালে দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আকস্মিক এই সংকটে আটকা পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
