মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভাবনার সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই এই আনন্দসংবাদ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

আসিফ ইসলামের পরিচালনায় এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে। এক সময়ের শক্তিশালী এই শিল্পমাধ্যম কীভাবে এখন কেবল গ্ল্যামারনির্ভর পরিবেশনায় পরিণত হচ্ছে, তা অত্যন্ত সুনিপুণভাবে পর্দায় তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। এতে আরও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতুসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের পেশাদার শিল্পীরা। নির্মাতা আসিফ ইসলাম জানান, ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা তাঁর হয়েছিল, তাই এই সিনেমা নির্মাণের মূল প্রেরণা।

আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটি। ভিন্নধর্মী গল্পের এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক দর্শকদের সামনে হারানো যাত্রাপালার করুণ আর্তি ও বর্তমান সমাজের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *