মাদক চোরাচালানের অভিযোগে কোটি টাকা মূল্যের কোকেনসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ মে) জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার আপন মামা। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন।
এর আগে, গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেপ্তার করে র্যাব। তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই জেলা বিএনপি এই সাংগঠনিক পদক্ষেপ নিল।
এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, “মাদকসহ যেকোনো অপকর্মে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপিতে এ ধরনের বিতর্কিত ও অপরাধী ব্যক্তির কোনো স্থান নেই।”
