ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শুরু হওয়ার প্রাক্কালে রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের তীব্র পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৪ মে) বিকেল ও সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে আজ বিকেল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এই আটটি অঞ্চলের নৌপথ ও নদীবন্দর সমূহকে অবিলম্বে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঈদের ছুটি শুরু হওয়ায় আজ বিকেল থেকেই লঞ্চ ও নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত বাড়বে, তাই নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অফিসের নিয়মিত ২৪ ঘণ্টার আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে— রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চল তথা রংপুর, ময়মনসিংহ এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ঈদযাত্রার প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে এমন ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস ঘরমুখো লাখো মানুষের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সড়ক ও নৌপথের যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *