মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন। রোববার (১ মার্চ) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হুরন নাহার রশিদের জানাজা আজ রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার স্বামী বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

তার মৃত্যুতে মানিকগঞ্জসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত এবং জেলা বিএনপির সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা আলী আশরাফ, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *