মিরপুরে হারের পর বড় শাস্তি: পাকিস্তানের ৮ পয়েন্ট কর্তন ও ম্যাচ ফি জরিমানা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে এমনিতেই ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। এবার তার সঙ্গে যুক্ত হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় শাস্তি। স্লো ওভার রেটের কারণে শান মাসুদের পুরো দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

মিরপুর টেস্টে পাকিস্তান দল নির্ধারিত সময়ের চেয়ে সব মিলিয়ে মোট ৮ ওভার কম বোলিং করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইলজের ১৬.১১.২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ১ পয়েন্ট করে কাটার নিয়ম রয়েছে। সেই নিয়মে ৮ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের অর্জিত পয়েন্ট থেকে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বড় ধাক্কা দিল।

পাশাপাশি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ৮ ওভারের ঘাটতির কারণে পুরো দলের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মিরপুর টেস্টে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা, আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তান দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের এই লিখিত অভিযোগ আনেন। এরপর আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো শুনানির জন্য ডাকলে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজেদের অপরাধ ও ভুল মেনে নেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন ছাড়াই এই শাস্তি কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *