চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জয়নাল (২২), মো. রাসেল (২৫), মো. সাদ্দাম হোসেন (২৯), আলামিন (২৪), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), মো. শরীফ (২০), মো. শাহিন (২৭), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), রায়হান (২৯), মো. মনির (২৭), মো. সোহেল (২৮), মো. মুসা (৪২), মো. সজিব (২৭), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), মো. ইমন (২৩), মো. সুমন (২৪) এবং মো. মহিউদ্দিন (৩৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে নগরীর জিইসি মোড় পর্যন্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে মিছিলকারীদের ফেলে যাওয়া ১৫টি ইটের টুকরা এবং ৮টি কাঠের লাঠি উদ্ধার করে। পরবর্তীতে নগরীর বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে এই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে পূর্বে থেকেই অস্ত্র, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গতকালের মিছিলের ঘটনায় সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
