ঈদুল আজহা কবে? জিলহজ মাসের চাঁদ দেখতে সৌদি আরবের আহ্বান

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের তারিখ নির্ধারণের লক্ষ্যে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) ১৭ মে চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল আধুনিক প্রযুক্তির সাহায্যে চাঁদ পর্যবেক্ষণের প্রস্তুতি নিয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ ও ছুটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *