ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে বিকেলের পর থেকে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে—রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ের সঙ্গে এসব এলাকায় তীব্র বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নদী পথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের এই নির্ধারিত সময়ের মধ্যে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *