মেসি-আগুয়েরোকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে আলভারেজের নতুন ইতিহাস

লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর মতো কিংবদন্তিদের ছাড়িয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। দ্রুততম আর্জেন্টাইন হিসেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২৫ গোলের মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েছেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা।

বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেয় আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ভিক্টর ইয়োকেরেসের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলভারেজ। এই ১-১ গোলের ড্রয়ে ফাইনালের ভাগ্য এখন ঝুলে রইল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগের ওপর।

চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের মাইলফলকে পৌঁছাতে আলভারেজের লেগেছে মাত্র ৪১ ম্যাচ। এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির (৪২ ম্যাচ) দখলে। তালিকায় তৃতীয় স্থানে থাকা সার্জিও আগুয়েরোর লেগেছিল ৪৮ ম্যাচ। এছাড়া এক মৌসুমে আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করার প্রথম নজিরও গড়লেন তিনি।

আলভারেজ দ্রুততম হিসেবে রেকর্ড গড়লেও সামগ্রিক গোলদাতার তালিকায় শীর্ষ তিন স্থান এখনও অপরিবর্তিত:

  1. ক্রিস্টিয়ানো রোনালদো: ১৪১ গোল
  2. লিওনেল মেসি: ১২৯ গোল
  3. রবার্ট লেভানডফস্কি: ১০৯ গোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *