মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির রূপকথার জয়

আমেরিকান মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আরও একটি রোমাঞ্চকর জয় পেল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার সকালে এফসি সিনসিনাতির বিপক্ষে ৫-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সিনসিনাতির ঘরের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে লিড এনে দেন মেসি। তবে প্রথমার্ধের শেষে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সিনসিনাতি ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন মায়ামি অধিনায়ক। ৬৪ মিনিট পর্যন্ত মায়ামি ৩-২ গোলে পিছিয়ে থাকলেও মেসির নেতৃত্বে মায়ামি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় এবং টানা তিন গোল করে বড় জয় নিশ্চিত করে।

ম্যাচের ৮৯তম মিনিটে মেসির একটি শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ালে প্রথমে সেটিকে মেসির হ্যাটট্রিক গোল হিসেবে ধরা হয়েছিল। তবে পরবর্তীতে এমএলএস কর্তৃপক্ষ এটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করায় হ্যাটট্রিক বঞ্চিত হন মেসি। এই গোলটি হলে এটি হতো তাঁর ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। তবে এই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্টের ফলে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১০-এ এবং অ্যাসিস্ট ৪১১টি।

চলতি মৌসুমে ১২ গোল নিয়ে এখন টপ স্কোরারের তালিকার দুইয়ে অবস্থান করছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ৬১ এবং অ্যাসিস্ট ৪২টি। আজকের ম্যাচে মায়ামি ৫৪ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৭টি শটের মধ্যে ৬টি লক্ষ্যবস্তুতে রাখতে সক্ষম হয়েছে।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ইন্টার মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *