ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ মার্চ) ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরানের এই গুরুত্বপূর্ণ নেতৃত্বের পরিবর্তন নিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “দেখা যাক কী হয়।” এর আগে মোজতবার নিয়োগ নিয়ে নেতিবাচক অবস্থানের ইঙ্গিত দিলেও বর্তমানে তাঁর এই রহস্যময় নীরবতা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প জানান, যুদ্ধ থামানোর বিষয়টি একটি “পারস্পরিক” সিদ্ধান্তে হবে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। ট্রাম্পের ভাষায়, “আমরা আলোচনা করছি। সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছুই এখন টেবিলে রাখা হচ্ছে।”
এদিকে, দুর্নীতির দায়ে বিচার চলাকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহুকে তাঁর ডাকনাম ‘বিবি’ সম্বোধন করে ট্রাম্প বলেন, “বিবিকে ক্ষমা না করে হারজোগ খুব বাজে কাজ করছেন। আমরা চাই বিবি এখন বিচারের দিকে নয়, বরং যুদ্ধের দিকে পূর্ণ মনোযোগ দিক।”
