রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ আজ রোববার (২১ জুন) সকালে মিছিলের চেষ্টা চালানো হলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মমিনুল জানান, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়েছিল৷ সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে মিছিল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা: এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর৷ আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি অত্যন্ত ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে৷
পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় আওয়ামী লীগের সম্ভাব্য সব ধরনের কর্মকাণ্ড ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়৷ বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা ঝটিকা উপায়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালন করার চেষ্টা করতে পারেন৷
সংঘর্ষের আশঙ্কা ও গোয়েন্দা প্রতিবেদন: পুলিশের পাঠানো ওই বিশেষ বার্তায় আরও বলা হয়েছে, আওয়ামী লীগের এসব সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে তীব্র সংঘাত ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে৷ একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে বাধা দিলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
এমন পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্বে নিয়ে মাঠপর্যায়ে ‘প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ’ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে৷ পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব কটি ইউনিটে এই জরুরি বার্তা পাঠানো হয়েছে৷
