যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: একই পরিবারের বাবা-ছেলে-নাতনি নিহত

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বটগাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে একে অপরের বাবা, ছেলে ও নাতনি।

নিহতরা হলেন—যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী শিশু কন্যা সেহেরিশ। এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা চুয়াডাঙ্গায় এক আত্মীয়ের বাড়ি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে করে মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশের একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *