বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কড়া ও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট মহলের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, যে বিমানে করে তাকে ভারতে পাঠানো হয়েছিল, সেই একই বিমান পাঠালে তিনি অকুতোভয়ে দেশের মাটিতে পা রাখবেন।
বার্তায় শেখ হাসিনা বলেন, “যেই প্লেন আমাকে ভারতে রেখে গেছে, সেই প্লেন পাঠান। আমি দেশে চলে আসব। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি মৃত্যুকে ভয় পাই না।” তার এই বক্তব্যে একদিকে যেমন দ্রুত দেশে ফেরার সংকল্প ফুটে উঠেছে, অন্যদিকে ৫ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি একটি পরোক্ষ হুঁশিয়ারিও প্রকাশ পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় তিনি বোঝাতে চেয়েছেন, তার দেশত্যাগের প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন হয়েছিল, তার প্রত্যাবর্তনের পথও সেভাবেই সুগম করা উচিত। ৫ই আগস্ট পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে যখন তার বিরুদ্ধে দেশে অসংখ্য মামলা ও আইনি প্রক্রিয়া চলছে, তখন এই ধরনের ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে শেখ হাসিনা বর্তমান প্রশাসন ও সেনাবাহিনীকে বোঝাতে চেয়েছেন যে তিনি রাজনৈতিকভাবে মাঠ ছেড়ে দেননি, বরং যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।
