সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিবি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও উত্তরা ও বনানী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আপাতত লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে আদালতে তোলা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় তার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সাল থেকে টানা তিনটি সংসদে দায়িত্ব পালন করেছেন তিনি। তার এই গ্রেপ্তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক বড় ধরনের আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *