ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে যেন কোনোভাবেই প্রকৃত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বাদ না পড়ে এবং তারাই যেন সবার আগে অগ্রাধিকার পায়— তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
আজ নেত্রকোনার কলমাকান্দা জেলা পরিষদ হলরুমে লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭৯৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ডের আওতায় জনপ্রতি ২,৫১৫ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ও সতর্কবার্তা দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড বা যেকোনো সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, “যে ঘরে বসার কোনো চেয়ার নেই, যে ঘরের ছনের চাল ভাঙা, এমনকি যে ঘরে ঢোকাও কষ্টকর— রাষ্ট্রের সর্বোচ্চ সহায়তা সবার আগে সেই ঘরেই পৌঁছানো উচিত। সঠিক মানুষের হাতে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমেই কেবল একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সুবিধাভোগী হতদরিদ্র মানুষরা সঠিক সময়ে এই রাষ্ট্রীয় সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
