মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অভিলম্বে ১৪টি দেশ ও ভূখণ্ড ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
তালিকায় থাকা দেশগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ওই অঞ্চলে বর্তমানে ‘গুরুতর ঝুঁকি’ বিদ্যমান। তাই মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে কোনো উপলব্ধ পরিবহনব্যবস্থা ব্যবহার করে এই দেশগুলো থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে।
এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে একটি হতাশাজনক বার্তা দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সরাসরি কোনো সহায়তা দিতে পারবে না। নাগরিকদের নিজ উদ্যোগে মিশরীয় সীমান্তের দিকে রওনা হতে বলা হয়েছে। তবে সীমান্তে যাওয়ার বাসে আসন পেতে হলে পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’-এর মাধ্যমে নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে।
