অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-এর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে পাঠাতে হবে। লেনদেনের রেকর্ডসহ যাবতীয় তথ্য যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে। ক্ষমতার অপব্যবহার বা আর্থিক অনিয়মের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে কাজ করছেন।
