তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে আজ (বুধবার, ১৮ মার্চ) ও আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে।
নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সারা দেশে ব্যাংকের সব শাখা বন্ধ থাকলেও পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে এই নিয়ম শিথিল করা হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখাগুলোতে এই বিশেষ সেবা পাওয়া যাবে।
এই দুই দিন ব্যাংকগুলোর অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। গ্রাহক পর্যায়ে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু থাকবে। স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো এই কার্যক্রম পরিচালনা করবে।
জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
